জেলার সংবাদ

কিশোরগঞ্জে হাওরে ঝাঁপ দিয়ে মেয়েকে বাঁচাতে পারলেও মারা গেলেন বাবা

কিশোরগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কিশোরগঞ্জের হাওরে পরিবারের সঙ্গে ঘুরতে গিয়ে পানিতে ডুবে যাওয়া মেয়েকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ দিলেন এক বাবা। গত শুক্রবার (২৪ জুলাই) বিকেলে করিমগঞ্জ উপজেলার বালিখলা হাওরসংলগ্ন মিঠামইন উপজেলার হাসানপুর ব্রিজ এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ওই বাবার নাম মো. বাছির উদ্দিন মিলন (৪২)। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল পেট্রোল পাম্প এলাকার মো. আবু বাক্কার মাস্টারের ছেলে এবং ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে ফিজিওথেরাপিস্ট হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের ছোট ভাই মুহাম্মদ আবদুল মোমেন জানান, শুক্রবার পরিবার নিয়ে নৌকায় করে হাওর ভ্রমণে বের হয়েছিলেন বাছির উদ্দিন। ভ্রমণের একপর্যায়ে করিমগঞ্জ সীমানার শেষে মিঠামইন উপজেলার হাসানপুর ব্রিজসংলগ্ন একটি ডুবন্ত সড়কের কাছে নৌকা থামিয়ে পরিবারের সদস্যরা গোসল করতে নামেন। এ সময় হঠাৎ পা পিছলে গভীর পানিতে তলিয়ে যেতে থাকে মিলনের মেজো মেয়ে শেমন্তী আক্তার।

 

মেয়েকে ডুবতে দেখে মুহূর্তের মধ্যেই পানিতে ঝাঁপ দেন তিনি। আপ্রাণ চেষ্টায় মেয়েকে নিরাপদে তীরে তুলে আনতে সক্ষম হলেও নিজে তীব্র স্রোতের সঙ্গে লড়াই করে আর ওপরে উঠতে পারেননি। একপর্যায়ে স্রোতের তোড়ে পানিতে তলিয়ে যান তিনি। পরে স্থানীয় লোকজনের দীর্ঘ চেষ্টায় হাওর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেয়েকে উদ্ধার করতে গিয়েই বাছির উদ্দিন মিলন পানিতে তলিয়ে মারা গেছেন এবং পরে স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

শুক্রবার রাত ১০টার দিকে কিশোরগঞ্জ সার্কিট হাউসের সামনে নিহতের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মেয়ের জীবন বাঁচাতে গিয়ে বাবার এমন আত্মত্যাগের ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন