জেলার সংবাদ

কিশোরগঞ্জে হাজতে মাদকাসক্ত আসামির মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কিশোরগঞ্জের নিকলী থানা হাজতখানা থেকে রুবেল মিয়া (২২) নামের এক আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রুবেল মিয়া নিকলী উপজেলার কারাপাশা ইউনিয়নের শহরমূল এলাকার রাজা হাওলাদারের একমাত্র ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন বলে জানা গেছে।

 

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রুবেলের বিরুদ্ধে তার বাবার করা মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এর ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তাকে গ্রেপ্তার করে থানা হাজতে রাখা হয়।

 

ওসি আরও জানান, হাজতে থাকা অবস্থায় একপর্যায়ে রুবেল নিজের গায়ের শার্ট খুলে হাজতের গ্রিলের সঙ্গে বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে তাকে আদালতে নেওয়ার জন্য পুলিশ হাজতখানায় গেলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

 

জানা যায়, রুবেল পরিবারের একমাত্র ছেলে হলেও অল্প বয়সেই তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। নিহতের বাবা রাজা হাওলাদার জানান, ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে একপর্যায়ে তিনি নিজেই ছেলের বিরুদ্ধে মামলা করে তাকে হাজতে পাঠান। তিন মাস কারাভোগ করার পরও তার স্বভাবের কোনো পরিবর্তন হয়নি। জেল থেকে বেরিয়ে সে আবারও মাদকে জড়িয়ে পড়ে এবং পরিবারের সবার সঙ্গে খারাপ আচরণ করতে থাকে।

 

ভারাক্রান্ত কণ্ঠে নিহতের বাবা রাজা হাওলাদার বলেন, ‘রুবেল আমার একমাত্র ছেলে। সে খুব আদরের ছিল। কিন্তু মাদকের কারণে সব শেষ হয়ে গেল। আজও আমি নিজেই পুলিশকে খবর দিই। পুলিশ তাকে থানায় নিয়ে যাওয়ার পর আমি খাবার ও কাপড়চোপড় দিয়ে বাড়ি ফিরছিলাম। পথে জানতে পারি সে আত্মহত্যা করেছে। এখন আবার থানায় যাচ্ছি।’

 

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে থানা সূত্রে জানা গেছে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন