ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমারের ছেলে বন্দি ভাগীরথকে এক নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগে গ্রেপ্তার করেছে তেলেঙ্গানা পুলিশ। তেলেঙ্গানা হাইকোর্ট তাঁকে গ্রেপ্তার না করার আবেদন খারিজ করে দেওয়ার পরই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়। ১৭ বছর বয়সী এক কিশোরীকে হয়রানি ও যৌন নির্যাতনের অভিযোগে ২৫ বছর বয়সী ভাগীরথের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং শিশু যৌন অপরাধ সুরক্ষা (পকসো) আইনের অধীনে মামলা দায়ের করা হয়েছে।
গত শনিবার কেন্দ্রীয় মন্ত্রী বন্দি সঞ্জয় কুমার নিজেই তাঁর ছেলেকে পুলিশের হাতে তুলে দেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি জানান, আইন ও বিচার বিভাগের প্রতি তাঁর সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে এবং আইনের চোখে নিজের ছেলে হোক বা সাধারণ নাগরিক, সবাই সমান। মন্ত্রী উল্লেখ করেন, তাঁর ছেলে শুরু থেকেই দাবি করে আসছে যে সে কোনো অন্যায় করেনি। আইনি বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ এবং নিজেদের কাছে থাকা তথ্য-প্রমাণ পর্যালোচনার পর আইনি প্রক্রিয়ার মাধ্যমেই বিষয়টি মোকাবিলার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
মন্ত্রী আরও স্পষ্ট করেন যে, আদালতে বিচার প্রক্রিয়া চলমান এবং আগামী সপ্তাহে এ বিষয়ে আদেশ আসার কথা থাকলেও তদন্তে পূর্ণ সহযোগিতার স্বার্থেই ছেলেকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। আইনজীবীদের পরামর্শ থাকা সত্ত্বেও তদন্তে সহযোগিতা করার ক্ষেত্রে কোনো দ্বিধাবোধ রাখতে চাননি তিনি। বিচার ব্যবস্থার ওপর পূর্ণ আস্থা প্রকাশ করে বন্দি সঞ্জয় কুমার বলেন, ন্যায়বিচার পেতে কিছুটা দেরি হতে পারে, কিন্তু তা থেকে কখনো বঞ্চিত হতে হয় না।
সূত্র: এনডিটিভি
ডিবিসি/পিআরএএন