ভারতের জয়পুরের এক কুলফি বিক্রেতা কুকুরের জন্য বিশেষভাবে চিনি ছাড়া কুলফি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়িয়েছেন। স্থানীয় ওই বিক্রেতার কুকুরবান্ধব কুলফির একটি ভিডিও ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে।
ইনস্টাগ্রাম ব্যবহারকারী বিক্রম মিত্তাল ভিডিওটি শেয়ার করেন। সেখানে তাকে কুলফি বিক্রেতার সঙ্গে কথা বলতে দেখা যায়। কুকুরের জন্য আলাদা কুলফি আনার কথা জানতে পেরে তিনি জানতে চান, এতে বিশেষ কী রয়েছে।
জবাবে বিক্রেতা বলেন, কুকুরের জন্য তৈরি কুলফিতে চিনি দেওয়া হয় না। তবে সাধারণ কুলফির মতোই এতে অন্যান্য উপকরণ, মসলা ও মালাই থাকে।
এরপর বিক্রম জানতে চান, কুকুরের মালিকেরা এই কুলফি কেনেন কি না। বিক্রেতা জানান, কুকুর পোষেন এমন ক্রেতারা নিয়মিতই এটি নেন। এমনকি আরেকজন ক্রেতাও তার পোষা কুকুরের জন্য এই বিশেষ কুলফি কিনে থাকেন।
পরে বিক্রম নিজের কুকুর ‘তারা’র জন্যও একটি কুলফি কেনেন। তিনি জানান, জয়পুরে তাদের বাড়ির বাইরে নিয়মিত আসেন কুলফির ওই বিক্রেতা। কুলফিটির স্বাদ নিয়েও তিনি প্রশংসা করেন।
ভিডিওর ক্যাপশনে বিক্রম এই উদ্যোগকে জয়পুরে দেখা সবচেয়ে অপ্রত্যাশিত ও চিন্তাশীল বিষয়গুলোর একটি বলে উল্লেখ করেন। তার ভাষায়, ধারণাটি খুবই সাধারণ হলেও একই সঙ্গে বেশ অভিনব ও যত্নশীল।
তিনি আরও জানান, তারা কুলফির ‘টেস্ট টেস্টার’ হতে পেরে খুবই খুশি ছিল এবং পুরো কুলফিটিই আনন্দের সঙ্গে খেয়ে ফেলে। চারপেয়ে প্রাণীদের কথা ভেবে এমন একটি বিশেষ খাবার তৈরি করার উদ্যোগকে ছোট হলেও আনন্দদায়ক ঘটনা বলে উল্লেখ করেন তিনি।
সূত্র: হিন্দুস্তান টাইমস
ডিবিসি/এসএফএল