মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দীর্ঘ ১৮ বছর পর রাজধানীর জাতীয় প্যারেড স্কয়ারে অনুষ্ঠিত হলো সশস্ত্র বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ। অনুষ্ঠান শেষে উপস্থিত সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে কুশল বিনিময় ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এবারের কুচকাওয়াজ দেশপ্রেম, শৃঙ্খলা ও সামরিক সক্ষমতার এক অনন্য প্রদর্শনীতে পরিণত হয়। দীর্ঘ বিরতির পর আয়োজিত এই কুচকাওয়াজের চমৎকার শৃঙ্খলা ও নান্দনিকতায় মুগ্ধতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
প্যারেড স্কয়ার ত্যাগের প্রাক্কালে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
সংশ্লিষ্টরা জানান, দীর্ঘ ১৮ বছর পর প্যারেড স্কয়ারে আয়োজিত এই কুচকাওয়াজ ঘিরে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সেনাবাহিনীর আধুনিক সমরাস্ত্র প্রদর্শনী এবং প্যারেড গ্রাউন্ডের সুশৃঙ্খল পরিবেশ উপস্থিত দেশি-বিদেশি অতিথিদের নজর কেড়েছে। প্রধানমন্ত্রী তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
ডিবিসি/এসএফএল