কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ বাঁশজানি গ্রামে গ্রিনহাউস পদ্ধতিতে চাষ করা একটি গাঁজার বাগানে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে ওই বাগান থেকে অন্তত অর্ধশত গাঁজার গাছ জব্দ করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে গেছে।
আজ বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, একটি সুপারি বাগানের ভেতর অভিনব কৌশলে এই গাঁজার বাগান তৈরি করা হয়েছিল। সেখানে পলিথিন ও নেট জাল ব্যবহার করে তাপ এবং বৃষ্টি প্রতিরোধী বিশেষ বেষ্টনীর মাধ্যমে গাছগুলোর নিবিড় পরিচর্যা করা হচ্ছিল। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ছোট-বড় মিলিয়ে অর্ধশতাধিক গাঁজা গাছ উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত বাবা ও ছেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ভূরুঙ্গামারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন জানান, সীমান্তবর্তী এলাকার মাদক কারবারিরা ভারতীয় গাঁজার বিকল্প বাজার তৈরির উদ্দেশ্যে নিজেরাই দেশে গাঁজা চাষের চেষ্টা করছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত গাঁজা গাছ ও গ্রিনহাউসের বেষ্টনী জব্দ করা হয়েছে। এ ঘটনায় পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
ডিবিসি/এমএনকে