বার্ধক্যজনিত নানা রোগে শয্যাশায়ী পিতার জীবনের শেষ সময়ে ঋণমুক্ত রাখতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার এক যুবক। অটোরিকশায় মাইক লাগিয়ে উপজেলা শহরসহ বিভিন্ন এলাকায় বাবার ঋণ পরিশোধের ঘোষণা দিয়েছেন তিনি। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকার মানুষের মাঝে প্রশংসায় ভাসছেন ছেলে মারুফ হোসেন।
জানা যায়, উলিপুর উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মধুপুর গ্রামের কাপড় ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা আবুর হোসেন (৯০) দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত। গত সাত মাস ধরে তিনি অসুস্থ অবস্থায় শয্যাশায়ী রয়েছেন। বাবার যাবতীয় দেনা-পাওনা পরিশোধ করতে উদ্যোগী হয়েছেন ছেলে মারুফ হোসেন (৩৮)।
শনিবার (১৬ মে) দিনব্যাপী একটি অটোরিকশায় মাইকিং করে তিনি ঘোষণা দেন, তাঁর বাবার কাছে কারও কোনো পাওনা থাকলে যাতে তাঁর সঙ্গে অথবা পরিবারের অন্য কারও সঙ্গে তারা যোগাযোগ করেন।
ছেলে মারুফ হোসেন জানান, তাঁর বাবা গত সাত মাস ধরে মৃত্যুশয্যায় আছেন। বাবা ঋণ রেখে মারা যান, সেটি তিনি চান না। তিনি বলেন, প্রত্যেক ছেলে-মেয়েরই উচিত বাবা-মা বেঁচে থাকতে তাঁদের দায়-দেনা পরিশোধ করা। যাতে তাঁরা মানসিক শান্তি পান।
স্থানীয় পাড়া-প্রতিবেশী ও সচেতন মহল তাঁর এই ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করছেন। তারা বলছেন, বর্তমান সময়ে এমন দায়িত্বশীল ও মানবিক উদ্যোগ খুব কমই দেখা যায়। বাবার সম্মান রক্ষায় সন্তানের এভাবে এগিয়ে আসা সত্যিই প্রশংসনীয়। অনেকেই এটিকে সন্তানের দায়িত্ববোধ ও পারিবারিক মূল্যবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন।
ডিবিসি/আরএসএল