জেলার সংবাদ

কুড়িগ্রামে ৪০ বছর মুয়াজ্জিনের দায়িত্ব শেষে ঘোড়ার গাড়িতে বিদায় নিলেন শুক্কুর আলী

কুড়িগ্রাম প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

টানা ৪০ বছর নিষ্ঠার সঙ্গে মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালনের পর বয়সের ভারে স্বেচ্ছায় অবসর নিয়েছেন শুক্কুর আলী (৭০)। দীর্ঘদিনের এই সেবাকে সম্মান জানাতে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী তাকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে এক ব্যতিক্রমী বিদায় সংবর্ধনা দিয়েছেন।

শুক্রবার (২৮ আগস্ট) জুমার নামাজের পর কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ পাইলট উচ্চ বিদ্যালয় জামে মসজিদ প্রাঙ্গণে এই আবেগঘন বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মুয়াজ্জিন শুক্কুর আলীর বাড়ি গুনাইগাছ ইউনিয়নের রামদাস ধনিরাম খেওয়ার পাড় এলাকায়। অত্যন্ত সাদাসিধে এই মানুষটি দীর্ঘ চার দশক ধরে ফজর থেকে এশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজের আজান দিতেন এবং ইমামের অনুপস্থিতিতে নিয়মিত নামাজও পড়াতেন। শুক্রবার আনুষ্ঠানিকতা শেষে তাকে ঘোড়ার গাড়িতে বসিয়ে সসম্মানে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এ সময় তার সঙ্গে স্থানীয় অসংখ্য মুসল্লি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

 

মসজিদ কমিটির সভাপতি শামীম আখতার আমীন জানান, বার্ধক্যের কারণে শুক্কুর আলী স্বেচ্ছায় মুয়াজ্জিনের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছিলেন। ভালো মনের এই মানুষটিকে বিদায়বেলায় বিশেষ সম্মান জানাতেই ব্যতিক্রমী এই ঘোড়ার গাড়ির ব্যবস্থা করা হয়। পাশাপাশি বিদায় অনুষ্ঠানে তাকে নগদ অর্থসহ বিভিন্ন উপহারসামগ্রী প্রদান করা হয়েছে।
 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন