খেলাধুলা, ফুটবল

কুনহার জোড়া গোল ও ভিনিসিয়ুসের চমক: প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ২০শে জুন ২০২৬ ০৭:৩৯:৪৫ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মরক্কোর বিপক্ষে আগের ম্যাচে কষ্টার্জিত ড্রয়ের ধাক্কা সামলে চেনা ছন্দে ঘুরে দাঁড়িয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপের মঞ্চে হাইতির বিপক্ষে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে সেলেসাওরা।

ম্যাথিউস কুনহার দুর্দান্ত জোড়া গোল এবং ভিনিসিউস জুনিয়রের চমৎকার নৈপুণ্যে প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে গিয়ে ম্যাচ নিজেদের মুঠোয় পুরে নিয়েছে ব্রাজিল।


ম্যাচের শুরু থেকেই হাইতির রক্ষণভাগকে চাপে রাখে ব্রাজিল। ১৩ মিনিটে দানিলোর পাস থেকে বল ধরে হাইতির গোলরক্ষক প্লেসিডকে পরাস্ত করে জালে বল পাঠিয়েছিলেন রাফিনহা। তবে লাইন্সম্যান অফসাইডের পতাকা তোলায় গোলটি বাতিল হয়। এরপর ২২ মিনিটেও রাফিনহা গোলকিপারকে একা পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নেন, যদিও সেটিও অফসাইড ছিল।


টানা আক্রমণের সুফল ব্রাজিল পায় ২৩ মিনিটে। ভিনিসিয়ুস জুনিয়রের নিখুঁত কাট ইন থেকে বল পেয়ে জটলার মধ্য থেকে জালের ঠিকানা খুঁজে নেন ম্যাথিউস কুনহা। হাইতির ডিফেন্ডার ডেলক্রোয়ার গায়ে লেগে দিক পরিবর্তন করে বলটি কুনহার শরীরে লেগে রিবাউন্ড হয়ে গোললাইন অতিক্রম করে (১-০)।
৩৬ মিনিটে আবারও কুনহার ম্যাজিক। ভিনিসিউসের রক্ষণভেদী পাস ধরে ডিফেন্ডারদের বোকা বানিয়ে কোনাকুনি দৌড়ে প্রথম পোস্ট লক্ষ্য করে বাঁ পায়ের এক বুলেট গতির রকেট শট নেন কুনহা। গোলরক্ষক প্লেসিডকে কোনো সুযোগ না দিয়ে বল সরাসরি জালের উপরিভাগে আছড়ে পড়ে। ব্রাজিল এগিয়ে যায় ২-০ ব্যবধানে।


৩৯ মিনিটে কিছুটা অস্বস্তি নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন রাফিনহা, তার পরিবর্তে মাঠে নামেন তরুণ ফরোয়ার্ড রায়ান। তবে এতে ব্রাজিলের আক্রমণের ধার কমেনি। প্রথমার্ধের ইনজুরি টাইমে হাইতির ডিফেন্সের ওপর দিয়ে বল ভাসিয়ে দেন মিডফিল্ডার লুকাস পাকেতা। পেনাল্টি অঞ্চলে বল পেয়ে রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিউস জুনিয়র অত্যন্ত ঠাণ্ডা মাথায় গোলরক্ষককে পরাস্ত করে দলের পক্ষে তৃতীয় গোলটি করেন। এটি চলতি বিশ্বকাপে ভিনির দ্বিতীয় গোল।


৩-০ ব্যবধানের বড় লিড নিয়ে বিরতিতে যাওয়া ব্রাজিল দ্বিতীয়ার্ধেও এই আধিপত্য ধরে রাখতে চাইবে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন