কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড লেভেল ক্রসিংয়ে বাস ও ট্রেনের ভয়াবহ দুর্ঘটনার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে মোট তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেলওয়ে পূর্বাঞ্চলের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) সুবক্ত গীন এই তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার (২১ মার্চ) দিবাগত রাত তিনটার দিকে বাস-ট্রেনের ভয়াবহ এ দুর্ঘটনায় নারী, শিশুসহ মোট ১২ জন নিহত হয়েছে। পাশাপাশি অনেকেই আহত রয়েছেন।
রেলওয়ে পূর্বাঞ্চলের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) সুবক্ত গীন জানান, ঢাকা-চট্টগ্রাম রেলপথের ওই লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনার সময় দায়িত্বরত দুই গেটম্যানকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুর্ঘটনার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং দায়ীদের চিহ্নিত করতে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া, সার্বিক ঘটনা তদন্তে কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকেও আরও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটিগুলোকে দ্রুততম সময়ের মধ্যে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
আরও পড়ুন: কুমিল্লার পদুয়ার বাজারে লেভেল ক্রসিংয়ে বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২, আহত অনেকে
ডিবিসি/কেএলডি