জেলার সংবাদ

কুমিল্লায় সংবাদ সংগ্রহে যাওয়ার পথে ২ সাংবাদিকের ওপর হামলা

কুমিল্লা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর এলাকায় দায়িত্ব পালনকালে ইনডিপেনডেন্ট টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক তানভীর দীপু এবং স্টার নিউজের কুমিল্লা ব্যুরো ইনচার্জ আবদুল্লাহ আল মারুফের ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার উত্তর রামপুরের মিস্ত্রিপুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় যমুনা টিভির কুমিল্লা ব্যুরো চিফ খোকন চৌধুরীও ছিলেন। তবে তার ওপর হামলার ঘটনা ঘটেনি।

সাংবাদিক তানভীর দীপু জানান, ‘বুধবার দুপুরে আমরা সংবাদ সংগ্রহে লালমাইয়ের দিকে যাচ্ছিলাম। এ সময় পদুয়ার বাজার মোড়ে যানজট দেখে উত্তর রামপুর বিদ্যুৎ অফিসের সামনের সড়ক দিয়ে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে উঠতে যাচ্ছিলাম। কিন্তু সড়কের সামনে স্থানীয়দের তৈরি করা লোহার ব্যারিকেডের মধ্যে কয়েকটি গাড়ি আটকে পড়ে। এতে সড়কে তীব্র যানজট দেখা দেয়। যানজটের কারণ জানতে সামনে এগিয়ে যাই এবং লোহার ব্যারিকেডটি ওপরের দিকে ধরে একটি একটি করে গাড়ি সরে যেতে সহযোগিতা করি। এরই মধ্যে স্থানীয় শাওন নামের এক যুবক এসে কেন যানজট নিরসন করছি-এটি নিয়ে আমার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে সে আমার গায়ে ধাক্কা দেয়। পরে আমাকে বাঁচাতে সহকর্মী মারুফ এগিয়ে এসে ছাড়িয়ে নিয়ে আসেন।’


তিনি আরও বলেন, ‘এ সময় উগ্র ওই ছেলেটা কোনো কারণ ছাড়াই রড হাতে নিয়ে আমাদের দিকে তেড়ে আসে। আমরা তাকে ফেরানোর অনেক চেষ্টা করেছি। স্থানীয় লোকজন তাকে সরিয়ে নেয়। আমরাও আমাদের গন্তব্যে ফিরে যাচ্ছিলাম। এ সময় হুট করে সে পেছন থেকে এসে মারুফের ঘাড়ে আঘাত করে। এতে মারুফ অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আমি এগোতে গেলে সে আমার ওপরও হামলা করে।’


হামলার শিকার সাংবাদিক আবদুল্লাহ আল মারুফ বলেন, ‘আমরা বুঝতেই পারিনি সে কেন হামলা করল। লোহার ব্যারিকেডটি সরানোর কারণে হয়তো সে আমাদের ওপর হামলা করেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।’


সঙ্গে থাকা সাংবাদিক রফিকুল ইসলাম চৌধুরী খোকন বলেন, ‘ঘটনাটি আমার সামনেই ঘটেছে। ছেলেটা খুবই উগ্র ছিল। সাংবাদিক শুনে সে আরও বেশি উগ্র হয়ে যায়। আমার সামনেই হুট করে সে তাদের পেছন থেকে হামলা করে। সংবাদকর্মীদের ওপর এমন নজিরবিহীন হামলা আর দেখিনি।’


এদিকে হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। এক বিবৃতিতে সংগঠনের সভাপতি একুশে টেলিভিশনের হুমায়ুন কবির রনি ও সাধারণ সম্পাদক ডিবিসি নিউজের নাসির উদ্দিন চৌধুরী এ ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।


এ ঘটনায় নিন্দা জানিয়েছে কুমিল্লা প্রেসক্লাবও। কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক ও সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু বলেন, ‘এ ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বৃহস্পতিবার সকালে কুমিল্লা প্রেসক্লাবে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।


কুমিল্লার সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল হাসান বলেন, ‘এ ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা অভিযুক্তকে ধরতে অভিযান শুরু করেছি।’


ডিবিসি/এসভিএন
 

আরও পড়ুন