জেলার সংবাদ

কুমিল্লার পদুয়ার বাজারে লেভেল ক্রসিংয়ে বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২, আহত অনেকে

কুমিল্লা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার রেলক্রসিংয়ে যাত্রীবাহী বাস ও ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ১২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। দুর্ঘটনার পর থেকে ঢাকা-চট্টগ্রামসহ ওই পথে চলাচলকারী সকল রুটের ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। শনিবার (২১ মার্চ) দিবাগত রাত তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ৭ জন পুরুষ, ৩ জন নারী ও ২ জন শিশু রয়েছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্টের সদস্যরা এবং তারা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। দুর্ঘটনার কারণে প্রায় তিন ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেলপথে সকল ধরনের ট্রেন চলাচল বন্ধ থাকে।

 

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, শনিবার দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী ওয়ান আপ ট্রেনটি কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড অতিক্রম করছিল। একই সময়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী 'মামুন স্পেশাল' নামের একটি যাত্রীবাহী বাস ওই লেভেল ক্রসিং পার হচ্ছিল। এ সময় চলন্ত ট্রেনের সঙ্গে বাসটির সজোরে ধাক্কা লাগে এবং বাসটি ট্রেনের ইঞ্জিনের সঙ্গে আটকে যায়। বাসের ধ্বংসস্তূপকে আটকে রেখেই ট্রেনটি প্রায় এক কিলোমিটার সামনে গিয়ে থেমে যায়।

 

এই ভয়াবহ দুর্ঘটনায় বাসটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায় এবং এর যাত্রীরা গুরুতর আহত হন। এ সময় যাত্রীদের আর্তনাদ ও চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন এবং পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আহতদের উদ্ধার করে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

 

ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থল থেকেই তারা তিনজনের মরদেহ উদ্ধার করেন। পরবর্তীতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৯ জনের মৃত্যু হয়।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন