বাংলাদেশ, জেলার সংবাদ

কুমিল্লায় একই ঘরে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কুমিল্লার চান্দিনা উপজেলায় মা ও তার সাত বছর বয়সী মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১ মার্চ) বিকেলে উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়নের সাঁকোজ গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের মোজাহিদুল ইসলাম মজুমদারের স্ত্রী ফারহানা আক্তার (৩৩) ও তার মেয়ে ফাছিহা (৭)।

পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার সকালে নিহত ফারহানার শাশুড়ি কদরবানু তালিম দিতে বাড়ি থেকে বের হন। দুপুরে ফিরে এসে ঘরের দরজা-জানালা ভেতর থেকে বন্ধ দেখতে পান। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে তিনি প্রতিবেশীদের খবর দেন। পরে প্রতিবেশী ও স্থানীয়রা জানালার কাঁচ ভেঙে ভেতরে প্রবেশ করে পৃথক দুটি কক্ষে মা ও মেয়ের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

 

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চান্দিনা থানা পুলিশ। পুলিশ পরিদর্শক মিজানুর রহমান জানান, মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেয়েকে হত্যার পর মা নিজে আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে। মর্মান্তিক এই ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন