কুমিল্লা রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে চট্টগ্রামমুখী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয় বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।
নিহতরা কুমিল্লার মুরাদনগর উপজেলার উত্তরপাড়া এলাকার বাসিন্দা। স্বজনেরা জানান, মঙ্গলবার সকালে তারা মুরাদনগর থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছিলেন। মাঝপথে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার উত্তরপাড়া এলাকার মৃত মিজান মিয়ার স্ত্রী জোসনা বেগম (৬০) এবং তার নাতনি ও জাহাঙ্গীর মিয়ার কন্যা চাঁদনী (১৪)।
বাংলাদেশ রেলওয়ে পুলিশের কুমিল্লা স্টেশন ফাঁড়ির এএসআই মামুনুর রশিদ জানান, মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা রেলওয়ে স্টেশনের পাশে শাসনগাছা এলাকায় রেললাইন পারাপারের সময় চট্টগ্রাম অভিমুখী সুবর্ণ এক্সপ্রেসের নিচে কাটা পড়ে তাঁদের মৃত্যু হয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। সিআইডির ফরেনসিক টিম তাঁদের পরিচয় শনাক্তে কাজ করছে।
নিহতদের স্বজন জোহরা বেগম বলেন, ‘জোসনা বেগম ও চাঁদনী সম্পর্কে দাদি-নাতনি। আমি মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে মুঠোফোনে খবর পাই, তারা ট্রেনে কাটা পড়ে মারা গেছে। পরে রেলওয়ে স্টেশনে এসে দেখলাম তাদের মরদেহ পুলিশের কাছে রাখা রয়েছে।’
জোহরা বেগম আরও বলেন, ‘নিহত জোসনা বেগম আমার ফুফু। তিনি চোখে খুব বেশি একটা দেখতেন না। শুনেছি মুরাদনগর থেকে তারা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন।’
রেলওয়ে পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
ডিবিসি/ এসভিএন