কুমিল্লার মুরাদনগর উপজেলায় কালবৈশাখী ঝড়ে নির্মাণাধীন একটি টিনের ঘরের চাল ও খুঁটি ভেঙে পড়ে নুরুল ইসলাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রবিবার (৩ মে) দুপুরে উপজেলার চাপিতলা ইউনিয়নের রাজা চাপিতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম ওই গ্রামের দক্ষিণ পাড়ার মৃত শমসের আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে নিজ বাড়ির নির্মাণাধীন টিনের ঘরে কাজ করছিলেন নুরুল ইসলাম। এ সময় হঠাৎ কালবৈশাখী ঝড় ও বৃষ্টি শুরু হলে ঘরের চাল ও খুঁটি তাঁর ওপর ভেঙে পড়ে। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে পথিমধ্যেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলম জানান, এ ঘটনায় নিহতের পরিবারের কোনো অভিযোগ বা আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডিবিসি/কেএলডি