কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে আব্দুর রউফ (৬৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (১১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লা রেলস্টেশনের আউটার সিগন্যাল এলাকার ধর্মপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আব্দুর রউফ নগরীর ধর্মপুর এলাকার মৃত আব্দুল হালিমের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিকেলের দিকে আব্দুর রউফ রেললাইন পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস দ্রুতগতিতে ঘটনাস্থলে পৌঁছালে তিনি ট্রেনের খুব কাছে চলে যান। স্থানীয়রা চিৎকার করে তাকে সতর্ক করার চেষ্টা করলেও মুহূর্তের মধ্যেই ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর আশপাশের লোকজন রেলওয়ে ফাঁড়ি পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ সোহরাব হোসেন জানান, নিহত ব্যক্তি পায়ে হেঁটে রেললাইন পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ডিবিসি/আরএসএল