বাংলাদেশ, জেলার সংবাদ

কুমিল্লায় ডাকযোগে কাফনের কাপড় পাঠিয়ে প্রবাসীর পিতাকে ৭ টুকরো করার হুমকি

কুমিল্লা প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কুমিল্লার চৌদ্দগ্রামে ডাকযোগে কাফনের কাপড় ও উড়ো চিঠি পাঠিয়ে এক প্রবাসীর পিতাকে হত্যার হুমকি দেওয়ার খবর পাওয়া গেছে। চিঠিতে ওই ব্যক্তিকে 'সাত টুকরো' করার কথা উল্লেখ করা হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী আবদুর রহমান (৫৬) গতকাল বুধবার (৬ মে) চৌদ্দগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ভুক্তভোগী আবদুর রহমান উপজেলার চন্ডিপুর মোল্লা কোনা গ্রামের বাসিন্দা। তার দুই ছেলে বর্তমানে প্রবাসে থাকায় তিনি স্ত্রী ও ছোট মেয়েকে নিয়ে বাড়িতে বসবাস করেন। প্রাপ্ত তথ্যানুযায়ী, গত মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম ডাক অফিসের মাধ্যমে একটি খাকি খাম ও একটি পার্সেল গ্রহণ করেন তিনি। 

 

খামটি খোলার পর ভেতরে থাকা একটি কাগজে লেখা ছিল, "তোর কাফনের কাপড় রেডি, তুই ঘরে, রাস্তা-ঘাটে, বাজারে বা কোর্টে মরার জন্য প্রস্তুত থাকিস, তুই এখন গ্যাংদের টার্গেট। তোর পাপ তোরে ছাড়বে না, সাত টুকরো হবি।" পরবর্তীতে পার্সেলটি খুলে কাফনের কাপড়ের টুকরো দেখতে পান তিনি।

 

খামে প্রেরকের নাম হিসেবে পার্শ্ববর্তী রামরায় গ্রামের কসাই বাড়ির 'জুলাস বেপারী' উল্লেখ থাকলেও স্থানীয়ভাবে খোঁজ নিয়ে ওই নামের কোনো ব্যক্তির অস্তিত্ব মেলেনি। এছাড়া খামে দেওয়া মোবাইল নম্বরে কল করা হলেও কেউ তা রিসিভ করেনি। এমন পরিস্থিতিতে আবদুর রহমান ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

 

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিচয় গোপন করে ভয় দেখানোর উদ্দেশ্যে এই হুমকি দেওয়া হয়েছে। চিঠিতে ব্যবহৃত মোবাইল নম্বরটি ময়মনসিংহ এলাকার বলে শনাক্ত করা হয়েছে। অপরাধীদের খুঁজে বের করতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন