চট্টগ্রাম থেকে প্রশিক্ষণ শেষে কুমিল্লায় ফেরার পথে নিখোঁজ হওয়া কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ১২ ঘণ্টা পর শনিবার (২৫ এপ্রিল) সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকার একটি হোটেলের পাশের ফুটপাত থেকে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
নিহত বুলেট বৈরাগী কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট বিভাগে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন এবং তিনি ৪৪তম বুনিয়াদি প্রশিক্ষণের জন্য চট্টগ্রামে অবস্থান করছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১১ এপ্রিল প্রশিক্ষণে অংশ নিতে তিনি চট্টগ্রাম যান।
শুক্রবার রাত ১১টার দিকে চট্টগ্রামের অলঙ্কার মোড় থেকে বাসে করে তিনি কুমিল্লার উদ্দেশে রওনা হন। সর্বশেষ রাত ২টা ২৫ মিনিটের দিকে ফোনে পরিবারের সাথে কথা বলে তিনি কুমিল্লা নগরীর টমছমব্রিজ চৌরাস্তায় পৌঁছানোর খবর দেন। তবে তার মা নীলিমা বৈরাগী জানান, শেষ বার কথা বলার সময় তার কণ্ঠস্বর কিছুটা অপরিচিত মনে হয়েছিল।
দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও বুলেট বৈরাগী বাসায় না ফেরায় এবং তার মোবাইল ফোন বন্ধ পাওয়ায় পরিবারের পক্ষ থেকে শনিবার সকালে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ কোটবাড়ি এলাকার আইরিশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পাশ থেকে অজ্ঞাত হিসেবে তার মরদেহ উদ্ধার করে।
দুপুর ১টার দিকে পরিবারের সদস্যরা থানায় গিয়ে মরদেহটি শনাক্ত করেন। ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোমিন জানান, মরদেহে বড় ধরনের কোনো আঘাতের চিহ্ন না থাকলেও মুখমণ্ডল কিছুটা রক্তাক্ত ছিল।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তসহ আইনি প্রক্রিয়া শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
ডিবিসি/টিবিএ