জেলার সংবাদ

কুমিল্লায় নিখোঁজের ১৮ ঘণ্টা পর কলেজছাত্রের মরদেহ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩১ মিনিট আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কুমিল্লার চৌদ্দগ্রামে ডাকাতিয়া নদীতে নিখোঁজ হওয়ার প্রায় ১৮ ঘণ্টা পর শিহাব (১৭) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩০ মে) সকাল আনুমানিক ৭টা ২০ মিনিটে চাঁদপুর থেকে আসা ডুবুরি দল ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের সদস্যরা জাকজোর-নারান্দিয়া ব্রিজ সংলগ্ন ডাকাতিয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন।

নিহত শিহাব চট্টগ্রামের বি.এন কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। তিনি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের নারান্দিয়া গ্রামের জহির আহমেদ শিপনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৯ মে) দুপুর আনুমানিক ১টার দিকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে কয়েকজন বন্ধুর সঙ্গে সাঁতরে ডাকাতিয়া নদী পার হচ্ছিলেন শিহাব। এ সময় নদীর স্রোতে তিনি পানিতে তলিয়ে যান। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা চালিয়েও ব্যর্থ হন।

 

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন ফায়ার সার্ভিসের সদস্যরা এবং উদ্ধার অভিযান শুরু করেন। পরবর্তীতে চাঁদপুর থেকে একটি বিশেষ ডুবুরি দল এসে তল্লাশি অভিযানে যোগ দেয়। দীর্ঘ অনুসন্ধানের পর শনিবার সকালে নদী থেকে শিহাবের নিথর দেহ উদ্ধার করা সম্ভব হয়।

 

এই মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে এবং পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন