বাংলাদেশ, জেলার সংবাদ

কুমিল্লায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে চাচাকে পুলিশে সোপর্দ

কুমিল্লা উত্তর প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কুমিল্লার মুরাদনগরে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইরন মিয়া (৬০) নামের এক ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জনতা। সম্পর্কে তিনি ভুক্তভোগী ওই কিশোরীর চাচা। মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের কৈজুরী গ্রামে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই প্রতিবন্ধী কিশোরী অসুস্থ বোধ করলে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানান যে, কিশোরীটি দুই মাসের অন্তঃসত্ত্বা। এরপর পরিবারের সদস্যরা ওই কিশোরীকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, তার চাচা ইরন মিয়া তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতেন। অভিযুক্ত ইরন মিয়া কৈজুরী গ্রামের মৃত শিরন মিয়ার ছেলে এবং ভুক্তভোগী কিশোরীর প্রবাসী বাবার চাচাতো ভাই।

 

এই ঘটনা জানাজানি হলে কৈজুরী গ্রামের ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত ইরন মিয়াকে আটক করে গণধোলাই দেয়। পরে খবর পেয়ে মুরাদনগর থানার উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন মুহিন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে গ্রেপ্তার করেন। ক্ষুব্ধ গ্রামবাসী জানান, ৬০ বছর বয়সী একজন ব্যক্তি কীভাবে এমন জঘন্য কাজ করতে পারে, তা ভেবে তারা হতবাক। তারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, এ ঘটনায় ভুক্তভোগী প্রতিবন্ধী কিশোরীর মামা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামি ইরন মিয়াকে ইতিমধ্যে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন