জেলার সংবাদ

কুমিল্লায় ফিলিং স্টেশনে আগুন, দগ্ধ মোটরসাইকেল চালক

কুমিল্লা উত্তর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৯ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কুমিল্লার হোমনা উপজেলায় একটি ফিলিং স্টেশনে মোটরসাইকেলে তেল নেওয়ার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই মোটরসাইকেলের চালক দগ্ধ হয়েছেন। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, হোমনা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত মাহাবুব ফিলিং স্টেশনে এক ব্যক্তি মোটরসাইকেলে তেল নিতে গেলে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়াতে শুরু করলে উপস্থিত লোকজনের মধ্যে ভীতির সৃষ্টি হয়। পরে স্থানীয়দের দ্রুত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় মোটরসাইকেল চালকের দুই পা দগ্ধ হয়েছে বলে জানা গেছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

 

অগ্নিকাণ্ডের সঠিক কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে ফিলিং স্টেশনের মালিক বা ম্যানেজারের কাছে জানতে চাওয়া হলে তারা কোনো বক্তব্য দিতে রাজি হননি।

 

খবর পেয়ে হোমনা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছে। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, ঘটনার বিষয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। 

 

এদিকে জনগুরুত্বপূর্ণ স্থানে এমন অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে স্থানীয়দের মাঝে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন