বাংলাদেশ, জেলার সংবাদ

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় গেইটম্যান হেলাল গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কুমিল্লার পদুয়ার বাজারে ট্রেন ও বাসের সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি গেটম্যান হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় কুমিল্লার শশীদল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রেলওয়ে চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার তহুরা জান্নাত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার অপর পলাতক আসামি মেহেদী হাসানকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। র‍্যাব এই হত্যাকাণ্ডের ছায়া তদন্ত শুরু করেছে। আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত তথ্য প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে বলে জানা গেছে।


এর আগে সোমবার পদুয়ার বাজার লেভেলক্রসিংয়ের গেটম্যান হেলাল উদ্দিন ও মেহেদী হাসানকে আসামি করে লাকসাম রেলওয়ে থানায় মামলা করেন দুর্ঘটনায় আহত বাস যাত্রী শেফালী আক্তার। তিনি এই দুর্ঘটনায় নিহত সোহেল রানার খালা।


লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীমউদ্দীন জানান, দণ্ডবিধির ৩০৪ (ক) ধারায় (দায়িত্বে অবহেলাজনিত মৃত্যু) মামলাটি রেকর্ড করা হয়েছে। বাদী শেফালী আক্তার নিজেও ওই বাসে ছিলেন এবং বর্তমানে চিকিৎসাধীন।


পুলিশ সূত্রে জানা যায়, নিহত সোহেল রানা একজন মালয়েশিয়া প্রবাসী। তিনি পরিবারের সঙ্গে ঈদ করতে চুয়াডাঙ্গার গ্রামের বাড়িতে এসেছিলেন। ঈদের দিন কুমিল্লার লাকসামে খালার বাড়িতে বেড়াতে যাওয়ার পথে পদুয়ার বাজার লেভেলক্রসিংয়ে এই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। দুর্ঘটনায় তার স্ত্রী ও কন্যাও গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


গত শনিবার (ঈদের দিন) ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার লেভেলক্রসিংয়ে চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘ঢাকা মেইল’ ট্রেনের সঙ্গে ‘মামুন স্পেশাল’ নামক একটি বাসের সংঘর্ষ হয়। এতে বাসের ১২ জন যাত্রী নিহত এবং অন্তত ৮ জন গুরুতর আহত হন।


প্রত্যক্ষদর্শী ও আহতদের অভিযোগ, ট্রেন আসার সময় গেটম্যানরা যথাসময়ে লেভেলক্রসিংয়ের ব্যারিয়ার না ফেলায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত গেটম্যান হেলাল ও মেহেদীকে সাময়িক বরখাস্ত করে রেলওয়ে কর্তৃপক্ষ।


ডিবিসি/ এসএফএল

আরও পড়ুন