কুমিল্লার বুড়িচং উপজেলায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালাকচুয়া এলাকার মিয়ামি হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ২ জন।
নিহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী ছিলেন বলে নিশ্চিত করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টার দিকে কালাকচুয়া এলাকায় ফেনীমুখী স্টারলাইন পরিবহনের একটি দ্রুতগামী বাস বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারকে প্রচণ্ড জোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে।
ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন জানান, সংঘর্ষের পরপরই ঘটনাস্থলে প্রাইভেটকারের চালক মারা যান। স্থানীয়দের সহায়তায় পুলিশ আহত ৭ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে দায়িত্বরত চিকিৎসক ৫ জনকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের কুমিল্লা ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনা কবলিত বাস ও প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ঘটনার পর স্টারলাইন পরিবহনের বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে হাইওয়ে থানা পুলিশ।
ডিবিসি/এসএফএল