বাংলাদেশ, জেলার সংবাদ

কুমিল্লায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

কুমিল্লা উত্তর প্রতিনিধি

ডিবিসি নিউজ

বুধবার ৩রা জুন ২০২৬ ০৭:১১:৪৮ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কুমিল্লার মুরাদনগর উপজেলার ঢাকা-মুরাদনগর সড়কের জাহাপুর চকের বাড়ি ইউনিয়ন অফিস সংলগ্ন এলাকায় বেপরোয়া গতির এক মোটরসাইকেলের ধাক্কায় আশেক আলি (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আশেক আলি ওই এলাকার মৃত বজলুর রহমান ও মৃত সাবিয়া বেগমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় আশেক আলি নিজ বাড়ির সামনে একটি আমগাছের নিচে প্রতিবেশীর সঙ্গে কথা বলছিলেন। এ সময় ভয়রাঘরি এলাকার মমিন মিয়ার ছেলে তানজিদ নামের এক যুবক বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে এসে তাদের ওপর তুলে দেয়। 

 

আশেক আলির সঙ্গে থাকা আবু মুসা জানান, তিনি দ্রুত সরে যেতে পারলেও আশেক আলি সরাসরি মোটরসাইকেলের ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়েন। দুর্ঘটনার পর এলাকাবাসী চালক তানজিদকে আটকানোর চেষ্টা করলে সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে তার ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে হেফাজতে নিয়েছে জনতা। পরে আশেক আলিকে আশঙ্কাজনক অবস্থায় দেবিদ্বার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

পরিবার সূত্রে জানা গেছে, নিহতের তিন ছেলের মধ্যে বড় ছেলে মালয়েশিয়া প্রবাসী, মেজো ছেলে চট্টগ্রামে কর্মরত এবং ছোট ছেলেও বাইরে অবস্থান করছেন। নিহতের ছোট ভাই বাবুল জানান, পরিবারের মূল সদস্যরা বাড়িতে না থাকায় এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। তবে তিনি থানায় মৌখিকভাবে অভিযোগ জানিয়েছেন এবং এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন।

 

এদিকে এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় একদল যুবক বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে আসছে। এ বিষয়ে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের একাধিকবার জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে আজ এই অনাকাঙ্ক্ষিত প্রাণহানির ঘটনা ঘটল।

 

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, এই ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে লিখিত অভিযোগ এলে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন