বাংলাদেশ, জেলার সংবাদ

কুমিল্লায় ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, পালালেন চিকিৎসক!

কুমিল্লা প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কুমিল্লার লাকসামে ভুল চিকিৎসায় এক শিশুর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে এলাকা। বৃহস্পতিবার সন্ধ্যায় লাকসাম বাইপাস এলাকার 'ইউনিটি এন্ড ট্রমা হসপিটাল'-এ এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত চিকিৎসক ও নার্সসহ হাসপাতালের কর্মীরা পালিয়ে গেছেন। বিক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী বিচার দাবিতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

নিহত শিশুর নাম আব্দুল্লাহ আল হোসাইন। সে লাকসামের কেমতলী গ্রামের হারুনুর রশিদের একমাত্র সন্তান। পারিবারিক সূত্রে জানা গেছে, খেলতে গিয়ে হাতে ব্যথা পাওয়ায় শিশুটিকে ওই হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. শাহেদ আনোয়ার ভুঁইয়া অস্ত্রোপচারের পরামর্শ দেন এবং ৩৫ হাজার টাকায় চুক্তি সম্পন্ন করেন। সেই অনুযায়ী বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আব্দুল্লাহকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়।

 

শিশুটির পিতার অভিযোগ, অস্ত্রোপচারের তিন ঘণ্টা পর বিকাল ৫টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ হঠাৎ রোগীকে দ্রুত কুমিল্লায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তারা জানান, শিশুর অবস্থা সংকটাপন্ন এবং তাকে আইসিইউতে নেওয়া প্রয়োজন। তড়িঘড়ি করে কুমিল্লা মডার্ন হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসকরা জানান, শিশুটি অনেক আগেই মারা গেছে।

 

ভুল চিকিৎসায় মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা হাসপাতালের সামনে অবস্থান নেয় এবং সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধের পর লাকসাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয় এবং অবরোধ তুলে নেওয়া হয়। বর্তমানে হাসপাতালটি জনশূন্য অবস্থায় রয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন