বাংলাদেশ, জেলার সংবাদ

কুমিল্লায় মাদকাসক্ত যুবককে ১০ মাসের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কুমিল্লার হোমনা উপজেলায় মাদক সেবন ও এলাকায় উৎপাত করার অভিযোগে সবুজ নামে এক যুবককে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৭ এপ্রিল) রাতে উপজেলার নিলখী ইউনিয়নের ইটাভরা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইটাভরা গ্রামের সবুজ দীর্ঘ দিন ধরে মাদকাসক্ত হয়ে এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তার বেপরোয়া আচরণে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়ে। সোমবার রাতে স্থানীয় যুবক মোশারফ হোসেন সৈকতের নেতৃত্বে গ্রামবাসী তাকে আটক করে পুলিশে খবর দেয়।


খবর পেয়ে হোমনা উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ মোফাচ্ছের ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সবুজকে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।


স্থানীয় যুবক মোশারফ হোসেন সৈকত বলেন, আমরা হোমনাকে মাদকমুক্ত রাখতে কাজ করছি। স্থানীয় সংসদ সদস্যের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে আমাদের এই সামাজিক প্রতিরোধ ও অভিযান অব্যাহত থাকবে।


এদিকে ওই যুবককে গ্রেপ্তারের পর সাজা প্রদান করায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন