কুমিল্লার মুরাদনগরে মাদক বিক্রির সময় ১২৫ গ্রাম গাঁজা ও নগদ ৩২ হাজার ১৫০ টাকাসহ বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ। রবিবার (৯ আগস্ট) মুরাদনগর উত্তরপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশে এসআই মো. আবদুল্লাহ আল মাসুদ ও এএসআই কুসুম বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি দল মুরাদনগর উত্তরপাড়া এলাকায় মাদক ব্যবসায়ী তারু মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় মাদক বিক্রিরত অবস্থায় তারু মিয়া (৭১) ও তার ছেলে শুক্কুর আলীকে (১৯) হাতেনাতে আটক করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটকদের কাছ থেকে ১২৫ গ্রাম গাঁজা এবং গাঁজা বিক্রির নগদ ৩২ হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া আটক তারু মিয়া একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে এর আগে মাদক সংক্রান্ত আরও ৯টি মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
এ বিষয়ে মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, মুরাদনগরকে সম্পূর্ণ মাদকমুক্ত করার লক্ষ্যে পুলিশের এই ধারাবাহিক মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ডিবিসি/পিআরএএন