বাংলাদেশ, জেলার সংবাদ

কুমিল্লায় মাদ্রাসায় অগ্নিকাণ্ড; তারাবিহ নামাজে থাকায় প্রাণে বাঁচল শতাধিক শিক্ষার্থী

কুমিল্লা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কুমিল্লার লাকসামে একটি টিনশেড মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে মাদ্রাসার ৭টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেলেও ঘটনার সময় মসজিদে তারাবিহ নামাজ আদায়রত থাকায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে প্রাণে বেঁচে গেছেন শতাধিক শিক্ষার্থী।

সোমবার (৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে লাকসাম উপজেলা রেলওয়ে জংশন সংলগ্ন ছালেহিয়া ওয়ালিয়া দীনিয়া মাদ্রাসা ও এতিমখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী ও মাদ্রাসা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, সোমবার রাতে মাদ্রাসার শিক্ষার্থীরা প্রাঙ্গণের ভেতরে থাকা মসজিদে তারাবিহ নামাজ আদায় করছিলেন। এমন সময় হঠাৎ একজন শিক্ষার্থী মাদ্রাসা ভবন থেকে কুণ্ডলী পাকানো আগুনের ধোঁয়া বের হতে দেখেন। ওই শিক্ষার্থীর চিৎকারে দ্রুত আশেপাশের লোকজন ছুটে আসেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। পরে স্থানীয়দের সহায়তা ও ফায়ার সার্ভিসের কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন নেভানোর আগেই টিনশেড ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

 

আগুনে ক্ষয়ক্ষতির বিষয়ে মাদ্রাসার সুপার মোহাম্মদ উল্ল্যাহ জানান, অগ্নিকাণ্ডে মাদ্রাসার রান্নাঘরসহ ৭টি কক্ষ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে শিক্ষার্থীদের পড়াশোনার বইপত্র, আসবাবপত্র, থাকার বিছানাপত্র (বেডিং) এবং রাতে খাওয়ার জন্য রাখা সেহরির খাবারও পুড়ে নষ্ট হয়ে গেছে।

 

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব জাহিদুল মাওলা চৌধুরী বলেন, গভীর রাতে ছাত্ররা যখন ঘুমিয়ে থাকে তখন এই অগ্নিকাণ্ড ঘটলে অনেক বড় ধরনের প্রাণহানির আশঙ্কা ছিল। আল্লাহ পাকের অশেষ রহমতে শিক্ষার্থীরা ওই সময় মসজিদে থাকায় সবাই সুরক্ষিত আছে।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন