কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানার মহেশপুর গ্রামে পূর্বশত্রুতার জেরে সংঘটিত হামলায় রাশিদা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন নারী আহত হয়েছেন। নিহত রাশিদা বেগম মহেশপুর গ্রামের বাসিন্দা ও দেলোয়ার মিয়ার স্ত্রী।
মুরাদনগর সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা একে এম কামরুজ্জামান ডিবিসি নিউজকে জানান, অনেকদিন ধরে পাশের বাড়ির সঙ্গে পূর্বশত্রুতা ছিল। সেই শত্রুতার জেরে গরু নিয়ে নিজ গ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় মা-মেয়েসহ ৬ জন নারীর ওপর অতর্কিত হামলা চালায় পাশের বাড়ির লোকজন। সবাইকে কিল-ঘুষি ও লাঠি দিয়ে পেটানো হয়। হামলায় রাশিদা বেগম গুরুত্বর আহত হন।
গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাশিদা বেগমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও দুই নারী আহত হন। তাদের চিকিৎসা চলছে বলে জানা গেছে।
ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম শুরু করেছেন।
ডিবিসি/এইচএপি