জেলার সংবাদ

কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় ২৫ মামলার আসামি অপু গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কুমিল্লায় মাদক কারবারিদের গোলাগুলিতে স্কুলছাত্র ইথান আহমেদ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় প্রধান আসামি আবু হানিফ অপুকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (১ জুলাই) ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডিবি পুলিশ অপুকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই অপু সিন্ডিকেটের এই দলনেতা আত্মগোপনে ছিল।

 

গত বৃহস্পতিবার নগরীর কাটাবিল এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় অপু গ্রুপ ও সাব্বির গ্রুপের মধ্যে সশস্ত্র সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় গোলাগুলির মাঝখানে পড়ে গিয়ে গুলিবিদ্ধ হয় স্থানীয় রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদ। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। নিরীহ স্কুলছাত্রের গুলিবিদ্ধ হওয়ার এই ঘটনাটি দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

 

এই ঘটনার পর ইথানের বাবা বাদী হয়ে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ জানায়, এই মামলায় এখন পর্যন্ত প্রধান আসামি আবু হানিফ অপুসহ মোট ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃত অপুর বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন থানায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিসহ অন্তত ২৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার ভোরে অস্ত্রসহ গ্রেপ্তারের ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন করে আরও একটি মামলা রুজু করার প্রস্তুতি চলছে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন