কুমিল্লা-বুড়িচং-ব্রাহ্মণপাড়া সড়কে গাছ ফেলে অভিনব কায়দায় ডাকাতির চেষ্টা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এ সময় হামলাকারীরা একটি গাড়িতে ভাঙচুর চালালেও চালকের অসামান্য সাহসিকতা ও দক্ষতায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন যাত্রীরা।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোররাতে পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের বিবরণ অনুযায়ী, ভোররাতে সংঘবদ্ধ একটি চক্র পালপাড়া এলাকায় হঠাৎ সড়কের ওপর গাছ ফেলে ব্যারিকেড সৃষ্টি করে। এ সময় ওই পথ দিয়ে যাওয়া একটি যাত্রীবাহী গাড়ি সেখানে পৌঁছালে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। তারা গাড়িটির গ্লাস ব্যাপক ভাঙচুর করে এবং যাত্রীদের সর্বস্ব লুটের উদ্দেশ্যে গাড়িটিকে ধাওয়া করতে থাকে।
এমন ভয়াবহ ও শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে গাড়ির চালক চরম সাহসিকতার পরিচয় দেন। তিনি জীবনের ঝুঁকি নিয়ে অত্যন্ত দ্রুতগতিতে গাড়িটি পেছনের দিকে চালিয়ে ঘটনাস্থল থেকে নিরাপদে সরে যেতে সক্ষম হন। চালকের এই তাৎক্ষণিক ও বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তে হামলাকারীদের কবল থেকে প্রাণে বেঁচে যান আতঙ্কিত যাত্রীরা।
এদিকে, রাতের বেলায় জনগুরুত্বপূর্ণ এই সড়কে এমন ডাকাতি চেষ্টার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা এবং নিয়মিত যাতায়াতকারী যাত্রী ও চালকদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
নিরাপত্তাহীনতায় ভোগা স্থানীয়দের অভিযোগ, সংঘবদ্ধ এই চক্রটি দীর্ঘদিন ধরে রাতের অন্ধকারে সুযোগ বুঝে এ ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করছে।
অবিলম্বে ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে জড়িত দুর্বৃত্তদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি ওই সড়কে রাতের বেলায় পুলিশের টহল ও নিরাপত্তা জোরদার করারও আহ্বান জানানো হয়েছে।
ডিবিসি/এমএনকে