কুমিল্লার দাউদকান্দি ও বুড়িচং উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। আজ (১ এপ্রিল) বুধবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৃথক স্থানে এই দুর্ঘটনাগুলো ঘটে। এতে আহত হয়েছেন আরও অন্তত ৫ জন।
দাউদকান্দিতে মহাসড়কের পাশে অজ্ঞাত গাড়ির চাপায় দুই অটোরিকশা চালক নিহত হন। নিহতরা হলেন দাউদকান্দি উপজেলার সরকারপুর গ্রামের মৃত লতু মিয়ার ছেলে বারেক (৪২) এবং মো. নুর ইসলামের ছেলে মোস্তফা (৪০)। এ ঘটনায় আরও ৪ জন আহত হলে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার মজুমদার জানান, অজ্ঞাত গাড়ির চাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, মহাসড়কের বুড়িচং উপজেলার নিমসার বাজারে একটি কাভার্ডভ্যানের পেছনে একটি ট্রাক ধাক্কা দিলে দুই পরিবহনের চালকই ঘটনাস্থলে প্রাণ হারান। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোমিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত দুই চালকের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে।
ডিবিসি/টিবিএ