বাংলাদেশ, জেলার সংবাদ

কুমিল্লায় হাইওয়ে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর: গ্রেফতার ১৯

কুমিল্লা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ এখন পর্যন্ত ১৯ জনকে গ্রেপ্তার করেছে।

আজ বুধবার (১০ জুন) বিকেল ৪টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

 

পুলিশ জানায়, গত মঙ্গলবার সকাল ১১টায় মহাসড়কের নিমসার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এরপর থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান পরিচালনা করে এই ১৯ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সাথে ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদেরও ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

ঘটনার বিবরণী থেকে জানা যায়, মঙ্গলবার সকালে ময়নামতি হাইওয়ে থানার একটি টহল দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত কয়েকটি অবৈধ থ্রি-হুইলার আটক করে। এ সময় ৩০ থেকে ৩৫ জনের একটি সংঘবদ্ধ দল পুলিশের কাজে বাধা দেয় এবং একপর্যায়ে হাইওয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।

 

হামলাকারীরা পুলিশের টহল লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং গাড়ি ভাঙচুর করে, এতে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল পুরোপুরি ব্যাহত হয়।

 

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, “নিমসার এলাকায় হাইওয়ে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা প্রদান এবং পুলিশি গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করা হয়েছে। 

 

এ পর্যন্ত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যদেরও শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনায় কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।”

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন