বাংলাদেশ, জেলার সংবাদ

কুমিল্লায় ১০ম শ্রেণির শিক্ষার্থী দিয়ে এসএসসির বোর্ড খাতা মূল্যায়নের অভিযোগ

কুমিল্লা উত্তর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কুমিল্লার দেবিদ্বার উপজেলার আব্দুল্লাহপুর হাজী আমির উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার বোর্ড খাতা মূল্যায়নের কাজে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ব্যবহার করার অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

অভিযোগে জানা যায়, ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও খাতা মূল্যায়নের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক বাচ্চু মিয়ার তত্ত্বাবধানে এসএসসি পরীক্ষার বিজ্ঞান বিষয়ের খাতা মূল্যায়নের সময় দশম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসানকে দিয়ে খাতা মার্কিং করানো হয়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্থানীয় কয়েকজন বাসিন্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

 

তবে অভিযোগের বিষয়ে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক বাচ্চু মিয়া দাবি করেন, খাতা মূল্যায়নের কাজ শিক্ষার্থীকে দিয়ে করানো হয়নি। শুধুমাত্র খাতার সিরিয়াল ও বোর্ড (কভার) পূরণের কাজে তাকে সহায়তার জন্য রাখা হয়েছিল। অন্যদিকে স্থানীয়দের দাবি, বোর্ড পরীক্ষার খাতার মতো এমন স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ কাজে কোনো শিক্ষার্থীকে সম্পৃক্ত করা মোটেও উচিত নয়। তারা বিষয়টির নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের আহ্বান জানিয়েছেন। ইতোমধ্যে এই অভিযোগের অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়, কুমিল্লা শিক্ষা বোর্ড ও জেলা শিক্ষা অফিসসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন