শুক্রবার (২৭ মার্চ) কুয়েতের প্রধান বাণিজ্যিক বন্দর শুয়াইখে ড্রোন হামলা হয়েছে। কুয়েত বন্দর কর্তৃপক্ষ সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। এ হামলায় বেশ কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বন্দর কর্তৃপক্ষ সংবাদমাধ্যমকে জানিয়েছে, শুক্রবার ভোরে একাধিক মানবহীন আকাশযান (ড্রোন) বন্দরটিতে আঘাত হানে এবং বিভিন্ন স্থাপনার ক্ষতিসাধন করে। ঘটনার গুরুত্ব বিবেচনায় তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সাথে সমন্বয় করে জরুরি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। কুয়েত সিটির কাছাকাছি অবস্থিত শুয়াইখ বন্দরটি দেশটির প্রধান সামুদ্রিক বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত। এই বন্দরটি মূলত কার্গো সংরক্ষণ, পণ্য বিতরণ এবং বাণিজ্যিক নৌ চলাচলের মূল কেন্দ্র হিসেবে কাজ করে।
২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর মধ্যপ্রাচ্যে চরম আঞ্চলিক উত্তেজনা বিরাজ করছে। যৌথ হামলার জবাবে ইরান এর আগে ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে এমন দেশগুলোর ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের সেই পাল্টা হামলাগুলোতে হতাহত ও ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি বাজার ব্যবস্থা এবং আন্তর্জাতিক বিমান চলাচলেও মারাত্মক বিঘ্ন ঘটেছিল।
তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি
ডিবিসি/এএমটি