কুয়েতের একটি বিদ্যুৎ উৎপাদন ও পানি শোধন (ডেস্যালিনেশন) কেন্দ্রের সার্ভিস ভবনে ইরানের হামলায় এক কর্মী নিহত হয়েছেন এবং সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে। রবিবার (২৮ মার্চ) এ হামলা চালানো হয় বলে দেশটির বিদ্যুৎ মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরো বলা হয়, নিহত ওই ব্যক্তি একজন ভারতীয় নাগরিক। এই হামলায় ওই স্থাপনার অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে বলেও জানানো হয়।
মন্ত্রণালয় আরও জানায়, হামলার ক্ষয়ক্ষতি মোকাবিলা করতে এবং প্ল্যান্টের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে জরুরি পরিকল্পনার আওতায় তাৎক্ষণিকভাবে কারিগরি ও জরুরি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত স্থানটি নিরাপদ করতে কর্তৃপক্ষ নিরাপত্তা সংস্থা ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাগুলোর সাথে সমন্বয় করে কাজ করছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালানোর পর থেকে ওই অঞ্চলে তীব্র উত্তেজনা বিরাজ করছে। ওই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ এ পর্যন্ত ১,৩৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
এর প্রতিশোধ হিসেবে ইরান ইসরায়েল, জর্ডান, ইরাক এবং মার্কিন সামরিক ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর ফলে একদিকে যেমন হতাহত ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির ঘটনা ঘটছে, অন্যদিকে বৈশ্বিক বাজার এবং বিমান চলাচলেও চরম বিঘ্ন ঘটছে।
সূত্র: আল-জাজিরা
ডিবিসি/কেএলডি