কুয়েতের জিলিব আল-শুয়ুখ এলাকায় মর্মান্তিক এক দুর্ঘটনায় দুই বাসের মাঝে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় একটি প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যম আরব টাইমস।
ঘটনার বিবরণে জানা যায়, নিহত ওই বাংলাদেশি চালক নিজের বাসটি নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে পরীক্ষা করছিলেন। তার বাসটির ঠিক পেছনেই আরেকটি বাস দাঁড়ানো ছিল। তিনি গাড়ি থেকে নেমে দুই বাসের মাঝখানে দাঁড়িয়ে নিজের বাসের পেছনের অংশ পরীক্ষা করছিলেন। এমন সময় পেছনে থাকা বাসটি হঠাৎ চলতে শুরু করে। এতে তিনি দুটি বাসের মাঝখানে আটকা পড়ে গুরুতর আহত হন এবং মর্মান্তিকভাবে ঘটনাস্থলেই প্রাণ হারান।
পেছনে থাকা ঘাতক বাসটি চালাচ্ছিলেন ১৯৮১ সালে জন্ম নেওয়া এক ভারতীয় নাগরিক। দুর্ঘটনার পরপরই কুয়েতের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি নথিভুক্ত করে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য বিষয়টি বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
সূত্র: আরব টাইমস
ডিবিসি/পিআরএএন