কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসায় প্রায় অর্ধশত যাত্রী নিয়ে একটি বাস খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২০ জন। নিহত চারজনের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন- দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকার রুহুল আমিনের মেয়ে রাফিয়া (১৭) এবং খোকসা পৌরসভার জুনায়েদ হোসেনের ছেলে নাবিল হোসেন (২৮)।
শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে খোকসার শিয়ালডাঙ্গী মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, রাজবাড়ীর গোয়ালন্দ থেকে ‘তালহা’ নামের একটি যাত্রীবাহী বাস কুষ্টিয়ার দিকে আসছিল। পথিমধ্যে খোকসার শিয়ালডাঙ্গী মসজিদের সামনে পৌঁছালে বিপরীতমুখী বালুবাহী একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে হতাহতের এ ঘটনা ঘটে।
এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইকবাল হোসেন জানান, দুর্ঘটনায় আহত বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
ডিবিসি/আরএসএল