কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের খাজানগর গ্রামে আমান্না খাতুন নামে এক গৃহবধূ একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন।
শুক্রবার দুপুরে নিজ বাড়িতে সম্পূর্ণ স্বাভাবিক প্রক্রিয়ায় (নরমাল ডেলিভারি) এই তিন নবজাতকের জন্ম হয়। জন্ম নেওয়া তিন সন্তানের মধ্যে একজন ছেলে ও দুজন মেয়ে। বর্তমানে মা ও তিন শিশু সুস্থ আছেন। আমান্না খাতুন ওই গ্রামের শিরাজুল ইসলামের স্ত্রী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিরাজুল ইসলাম ও আমান্না দম্পতির প্রথম সন্তান জন্মের পরপরই মারা গিয়েছিল। সেই শোক কাটিয়ে দীর্ঘ অপেক্ষা ও নানা দুশ্চিন্তার পর এবার একসঙ্গে তিন সন্তানকে সুস্থভাবে কাছে পেয়ে পরিবারটিতে আনন্দের জোয়ার বইছে। পরিবারটির সদস্যরা জানিয়েছেন, একসঙ্গে তিন সন্তান পেয়ে তারা অত্যন্ত আনন্দিত।
এদিকে, বাড়িতে নরমাল ডেলিভারির মাধ্যমে একসঙ্গে তিন সন্তানের জন্মের ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই খবর ছড়িয়ে পড়ার পর এলাকার নানা বয়সী মানুষ নবজাতকদের একনজর দেখতে শিরাজুলের বাড়িতে ভিড় জমাচ্ছেন। মা ও তিন শিশু বর্তমানে সুস্থ থাকায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে আনন্দিত পরিবার ও স্বজনরা।
ডিবিসি/আরএসএল