কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কনস্টেবল (সিপাই) আব্বাস আলীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া ৪৭ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, একটি ঘরের ভেতরে দাঁড়িয়ে আব্বাস আলী টাকা গুনছেন। সামনে একজন নারী চৌকির ওপর টাকা রাখছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িটি ভেড়ামারা শহরের ফারাকপুর রেলগেট এলাকার হোমিও চিকিৎসক আনিসুর রহমানের।
অন্যদিকে, ১৪ সেকেন্ডের আরেকটি ভিডিওতে দেখা যায়, আব্বাস আলী একটি বাড়ির শোবার ঘরে সোফায় বসে টাকা গুনছেন। সামনে একজন নারী ও একজন পুরুষ বসে আছেন। অনুসন্ধানে জানা গেছে, বাড়িটি কুষ্টিয়া শহরের বারখাদা ত্রিমোহনী এলাকার রওশন আলীর। তার ছেলে ইমনের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে এবং একটি মাদক মামলায় তিনি বর্তমানে কারাগারে আছেন।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে কনস্টেবল আব্বাস আলীর ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। এছাড়া আনিসুর রহমান ও রওশন আলীর সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আসলাম হোসেন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি তিনি দেখেছেন। কী উদ্দেশ্যে এবং কোন প্রেক্ষাপটে টাকা নেওয়া হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
ডিবিসি/এসএফএল