বাংলাদেশ, জেলার সংবাদ

কুষ্টিয়ায় জেলা প্রশাসকের প্রত্যাহার ঘিরে উত্তেজনা, পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি কর্মসূচি

কুষ্টিয়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) ইকবাল হোসেনকে প্রত্যাহারের আদেশের জেরে জেলাজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। এই আদেশের পক্ষে ও বিপক্ষে সোমবার (২ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত দফায় দফায় বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্লোগান পালিত হয়েছে। এর আগে, রোববার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় কুষ্টিয়াসহ পাঁচটি জেলার জেলা প্রশাসককে প্রত্যাহারের প্রজ্ঞাপন জারি করে।

এই প্রজ্ঞাপনের প্রতিবাদে রোববার রাতেই 'জুলাই যোদ্ধা' ব্যানারে একদল মানুষ মিছিল ও সমাবেশ করে। পরদিন সোমবার বেলা সাড়ে ১০টার দিকে একই ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দীর্ঘ সময় ধরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। আন্দোলনকারীরা ইকবাল হোসেনকে ‘মানবিক ডিসি’ আখ্যা দিয়ে তার প্রত্যাহারের আদেশ অবিলম্বে বাতিলের দাবি জানান এবং তার পক্ষে নানা স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে দুপুর ১টার দিকে জেলা প্রশাসক নিজ কার্যালয় থেকে গাড়িতে করে বের হওয়ার চেষ্টা করলে আন্দোলনকারীরা তার গতিরোধ করেন। অবশ্য কিছুক্ষণ পর তার গাড়ি ছেড়ে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, এই আন্দোলনকারীদের মধ্যে স্থানীয় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের কয়েকজন কর্মীর উপস্থিতিও লক্ষ করা গেছে।

 

অন্যদিকে, বেলা সাড়ে ৩টার দিকে জেলা প্রশাসকের বদলির আদেশের পক্ষে এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে পাল্টা বিক্ষোভ মিছিল বের করেন স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তারা জেলা প্রশাসকের পক্ষের আন্দোলনকারীদের 'মবকারী' আখ্যা দিয়ে বিভিন্ন স্লোগান দেন। মিছিল শেষে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে বক্তারা বলেন, সরকারি কর্মকর্তার বদলি বা প্রত্যাহার একটি নিয়মিত ও স্বাভাবিক দাপ্তরিক ঘটনা, এটি নিয়ে কোনো রাজনীতি করা চলবে না। এই বিষয়টিকে কেন্দ্র করে যারা 'মব' বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, তাদের কঠোরভাবে প্রতিহত করারও হুঁশিয়ারি দেন তারা।
 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন