বাংলাদেশ, জেলার সংবাদ

কুষ্টিয়ায় বাবার দাফন শেষ করে বাড়ি ফেরার পথে শুনলেন মেয়ের মৃত্যুর খবর

কুষ্টিয়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাবার জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শেষে কবরস্থান থেকে সবে বাড়ি ফিরছিলেন বাবা তুজাম উদ্দিন। ঠিক তখনই মুঠোফোনে ভেসে এলো আরও একটি মর্মান্তিক বার্তা- তাঁর ২০ বছর বয়সী মেয়ে মুন্নি খাতুন আর বেঁচে নেই। মাত্র ৬ ঘণ্টার ব্যবধানে বীর মুক্তিযোদ্ধা বাবা ও মেয়েকে হারিয়ে দিশেহারা এক পরিবার। হৃদয়বিদারক এই জোড়া স্বজন হারানোর ঘটনায় স্তব্ধ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পূর্বপাড়া গ্রাম।

শনিবার (২৫ জুলাই) সকালে একই মানিকদিয়াড় কবরস্থানে কয়েক ঘণ্টার ব্যবধানে দাদা ও নাতনিকে পাশাপাশি চিরনিদ্রায় শায়িত করা হয়।

 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দৌলতপুর সদর ইউনিয়নের উপজেলা পরিষদসংলগ্ন পূর্বপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ফুলবাস আলী (৭৪) বার্ধক্যজনিত কারণে শুক্রবার বিকেলে মৃত্যুবরণ করেন। শনিবার সকাল ১০টায় মানিকদিয়াড় কবরস্থানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাসের উপস্থিতিতে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় (গার্ড অব অনার প্রদান শেষে) দাফন করা হয়।

 

তবে দাফন শেষ হতে না হতেই চরম শোকের ছায়া নেমে আসে পরিবারটিতে। বীর মুক্তিযোদ্ধা ফুলবাস আলীর প্রিয় নাতনি মুন্নি খাতুন চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিয়ের পূর্ব পর্যন্ত দাদার সমস্ত যত্ন ও দেখভাল এক হাতে করতেন মুন্নি। শুক্রবার রাতে প্রিয় দাদাকে হারিয়ে লাশের পাশে বসে একটানা বিলাপ করতে থাকেন তিনি। বিলাপের একপর্যায়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেললে তাঁকে দ্রুত কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের প্রস্তুতির সময়ই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

 

নিহতের বাবা তুজাম উদ্দিন জানান, প্রায় এক বছর আগে দৌলতপুর থানাপাড়া গ্রামের মোস্তাকের সাথে মুন্নির বিয়ে হয়। তিনি ডায়াবেটিস ও টাইফয়েডে ভুগছিলেন। দাদার মৃত্যুর তীব্র শোক সহ্য করতে না পেরে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরে শনিবার বিকেল সাড়ে ৩টায় প্রিয় দাদা বীর মুক্তিযোদ্ধা ফুলবাস আলীর কবরের পাশেই নাতনি মুন্নিকে দাফন করা হয়। একই দিনে বীর মুক্তিযোদ্ধা দাদা ও তাঁর প্রিয় নাতনির এমন বিদায় এবং পাশাপাশি দাফনের হৃদয়বিদারক ঘটনায় পুরো পূর্বপাড়া গ্রামে শোকের মাতম চলছে।
 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন