কুষ্টিয়ায় আমন ধানের বাম্পার ফলন হলেও কৃষকের মুখে হাসি নেই, উল্টো ভরা মৌসুমে ধানের দামে ধস নামায় তারা দিশাহারা।
কুষ্টিয়ার খাজানগর মোকামে পর্যাপ্ত ধানের মজুত এবং নতুন করে চাল আমদানির সরকারি সিদ্ধান্তের কারণে মিল মালিক ও পাইকাররা ধান কিনতে আগ্রহ দেখাচ্ছেন না। ফলে গত বছরের তুলনায় এবার মণপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা কমে ধান বিক্রি হচ্ছে। বর্তমানে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ১১০০ থেকে ১২০০ টাকায়, যা গত বছর ছিল ১৩৫০ থেকে ১৪০০ টাকা।
চালের নতুন ক্রয়াদেশ না থাকায় এবং বোরো মৌসুমের বিপুল চাল ও ধান মজুত থাকায় মিলাররা নতুন করে ধান কিনছেন না বলে জানিয়েছেন। কুষ্টিয়া চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন প্রধানসহ সংশ্লিষ্ট ব্যবসায়ীরা দাবি করেছেন, অভ্যন্তরীণ বাজারে পর্যাপ্ত মজুত থাকার পরও চাল আমদানির সিদ্ধান্ত এই সংকট তৈরি করেছে। লোকসানের শঙ্কায় থাকা কৃষক ও ব্যবসায়ীরা দেশের কৃষি খাত বাঁচাতে অবিলম্বে চাল আমদানি বন্ধের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
ডিবিসি/কেএলডি