কুষ্টিয়ার মিরপুরে এক ভ্যানচালককে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে গাছের সঙ্গে বেঁধে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ডাকাতি পুকুর নামক স্থানে এ ঘটনা ঘটে। সংঘবদ্ধ ডাকাত দল এ সময় তাঁর ভ্যান, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দৌলতপুর উপজেলার পচাভিটা গ্রামের কাশেমের ছেলে ভ্যানচালক ওসমান রাতে ভাড়া শেষে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে মিরপুর উপজেলার ডাকাতি পুকুর এলাকায় পৌঁছালে ৩ থেকে ৪ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে তাঁর গতিরোধ করে। এরপর তারা ওসমানকে সড়কের পাশের একটি বাগানে নিয়ে গাছের সঙ্গে বেঁধে ফেলে এবং তাঁর সঙ্গে থাকা নগদ টাকা, মোবাইল ফোন ও ভ্যানটি নিয়ে পালিয়ে যায়।
ডাকাতরা চলে যাওয়ার পর ওসমানের আর্তচিৎকার শুনতে পেয়ে স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে। তবে এ ঘটনায় তিনি বড় ধরনের কোনো আঘাত পাননি বা কেউ হতাহত হননি।
এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই ভ্যানচালককে উদ্ধার করেছে। ছিনতাই হওয়া ভ্যান উদ্ধার এবং এ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ডিবিসি/আরএসএল