জেলার সংবাদ

কুষ্টিয়ায় চা বিক্রেতাকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ এলাকায় সামিরুল শাহ (৬২) নামে এক চা বিক্রেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ধর্মদহ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সামিরুলের শরীর ও মুখে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশের ধারণা, তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত সামিরুল শাহ উপজেলার তেকালা পশ্চিমপাড়া গ্রামের মৃত বিশারদ শাহের ছেলে।


শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ব্যাংগাড়ি-ধর্মদহ সড়কের পাশের একটি মাঠে বাঁশের মাচার ওপর স্থানীয়রা রক্তাক্ত মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে তেকালা পুলিশ ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।


স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহতের পরিবার পার্শ্ববর্তী মেহেরপুর জেলার গাংনী উপজেলা থেকে এসে দীর্ঘদিন ধরে এ এলাকায় স্থায়ীভাবে বসবাস করে আসছিল। তিনি পেশায় একজন চা বিক্রেতা ছিলেন।


হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


তিনি আরও জানান, মর্মান্তিক এই ঘটনার রহস্য উদ্‌ঘাটন এবং জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

 

ডিবিসি/এসভিএন
 

আরও পড়ুন