জেলার সংবাদ

কুষ্টিয়ায় ছেলের টর্চলাইটের আঘাতে প্রাণ গেল গ্রাম পুলিশ পিতার

কুষ্টিয়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

সোমবার ২৭শে জুলাই ২০২৬ ১২:১৬:৪৯ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের টর্চলাইটের আঘাতে বানেজ উদ্দিন চৌকিদার (৫৮) নামে এক গ্রাম পুলিশের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (২৬ জুলাই) রাত ৯টার দিকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রামকৃষ্ণপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের চল্লিশপাড়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

 

নিহত বানেজ চৌকিদার ওই এলাকার বাসিন্দা এবং রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ডের দায়িত্বরত মহল্লাদার ছিলেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ির মহিষ বিক্রি করাসহ পারিবারিক বিষয় নিয়ে বানেজ চৌকিদারের সঙ্গে তাঁর ছেলে রাজিব আহমেদের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে রাজিব তাঁর হাতে থাকা ভারী টর্চলাইট দিয়ে বাবা বানেজ চৌকিদারের মাথায় সজোরে আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনেরা প্রথমে বাড়িতেই তাঁর মাথায় পানি ঢেলে ও প্রাথমিক শুশ্রূষা দিয়ে সুস্থ করার চেষ্টা করেন। তবে শারীরিক অবস্থার অবনতি হলে রাত ৯টার দিকে তাঁকে হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যেই বানেজ চৌকিদারের মৃত্যু হয়।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ মণ্ডল বলেন, ‘বানেজ চৌকিদার দীর্ঘদিন ধরে সততার সঙ্গে এক নম্বর ওয়ার্ডের মহল্লাদার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পারিবারিক কলহের জেরে ছেলের আঘাতে তাঁর এই অকাল ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত দুঃখজনক।’ 

 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, পারিবারিক কলহের জেরে ছেলের টর্চলাইটের আঘাতে পিতা বানেজ চৌকিদারের মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে পলাতক থাকায় তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

ডিবিসি/ এসভিএন
 

আরও পড়ুন