জেলার সংবাদ

কুষ্টিয়ায় পদ্মা নদীতে ফুটবল খেলতে গিয়ে মাদ্রাসাছাত্র নিখোঁজ

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানিতে ফুটবল খেলতে গিয়ে মোস্তাকিম হোসেন (১২) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। এ সময় স্রোতের টানে ভেসে যাওয়া ইব্রাহিম হোসেন (১২) নামে আরেক শিশুকে জীবিত উদ্ধার করেছেন স্থানীয়রা।

নিখোঁজ মোস্তাকিমকে উদ্ধারে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় জেলেরা তল্লাশি চালাচ্ছেন। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিখোঁজ মোস্তাকিম উপজেলার সোনাতলা গ্রামের হায়দারের চর এলাকার রতন জমাদারের ছেলে। উদ্ধার হওয়া ইব্রাহিম একই গ্রামের জিয়ারুল শাহের ছেলে। তারা দুজনই সোনাতলা দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী।

 

স্থানীয়রা জানান, দুপুরে মাদ্রাসার শিক্ষার্থীসহ ৫-৬ জন শিশু ভাগজোত ঘাট এলাকায় পদ্মার পানিতে ফুটবল খেলছিল। খেলার একপর্যায়ে তীব্র স্রোতের টানে মোস্তাকিম ও ইব্রাহিম গভীর পানিতে ভেসে যায়। দুজনই ডুবে যেতে থাকলে স্থানীয়রা এগিয়ে গিয়ে ইব্রাহিমকে উদ্ধার করেন। তবে প্রবল স্রোতে মোস্তাকিম ভেসে যায়। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

 

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ও ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। নদীতে তীব্র স্রোত থাকায় অভিযান ব্যাহত হচ্ছে। স্থানীয় জেলেরাও মাছ ধরার জাল দিয়ে নদীতে তল্লাশি চালাচ্ছেন।


এদিকে মোস্তাকিম নিখোঁজের খবর ছড়িয়ে পড়লে ভাগজোত ঘাট এলাকায় স্বজন ও স্থানীয়দের ভিড় জমে যায়। নদীর তীরে উৎকণ্ঠায় অপেক্ষা করছেন শিশুটির স্বজনরা।

 

নিখোঁজ মোস্তাকিমের বাবা রতন জমাদার বলেন, আমার ছেলে মাদ্রাসায় আবাসিক থেকে পড়ালেখা করত। শুক্রবার ছুটির সময় সহপাঠীদের সঙ্গে নদীর পানিতে খেলতে গিয়ে যে এমন বিপদে পড়বে তা কখনো ভাবিনি। ছেলেকে ফিরে পাওয়ার আশায় আমরা নদীর পাড়ে অপেক্ষা করছি। সবাই আমার ছেলেকে উদ্ধারে সহযোগিতা করুন।

 

ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, নদীতে প্রবল স্রোত থাকায় শিশুটি ভেসে অন্যত্র চলে যেতে পারে। তারপরও আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। খুলনা থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছালে উদ্ধার অভিযান আরও জোরদার করা হবে।

 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর  রহমান বলেন, শিশু নিখোঁজের খবর পাওয়ার পর পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা উদ্ধার অভিযানে সহযোগিতা করছেন।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন