কুষ্টিয়ার কুমারখালীতে মাছ ধরতে গিয়ে গড়াই নদীতে ডুবে পরিমল মণ্ডল (৩৮) নামের এক জেলের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বিকেলে কুমারখালী পৌরসভার এম এন বাঁধ এলাকায় ঘটে এ ঘটনা। তিনি খোকসা উপজেলার মোড়াগাছা ইউনিয়নের হিলালপুর গ্রামের মান্য মণ্ডলের ছেলে। বর্তমানে তার মরদেহটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় রাখা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ভরা নদীতে তীব্র স্রোত রয়েছে। বিকেলে এম এন বাঁধ এলাকায় টিনের তৈরি ডিঙি নৌকায় পরিমল মণ্ডল লম্বা সুতোয় অসংখ্য বড়শি নদীতে ফেলে মাছ ধরছিলেন। হঠাৎ স্রোতে ডিঙি নৌকাটি উল্টে যায়। আর বড়শির সুতো তার শরীরে পেঁচিয়ে গেলে তিনি নদীতে ডুবে যান। এরপর স্থানীয়রা বিষয়টি টের পেয়ে নদীতে ঝাঁপ দিয়ে তাঁকে উদ্ধার করে বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এম এন বাঁধ এলাকার চটপটি বিক্রেতা আলম শেখ জানান, এক জেলে ডিঙি নৌকায় নদীতে মাছ ধরছিলেন। বিকেল ৫টার দিকে হঠাৎ নৌকা উল্টে ওই জেলে নদীতে পড়ে যান। এ সময় তার শরীরে বড়শির সুতো পেঁচিয়ে যাওয়ায় তিনি আর উঠতে পারেননি। পরে স্থানীয়রা নদীতে নেমে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
সন্ধ্যায় সরেজমিন দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় রাখা রয়েছে পরিমল মণ্ডলের নিথর দেহ। সেখানে উৎসুক জনতা ভিড় করেছে, আহাজারি করছেন স্বজনরা।
এ সময় পরিমলের বাবা মান্য মণ্ডল বলেন, ‘বিকেল ৩টার দিকে ডিঙি নৌকায় মাছ ধরতে নদীতে নেমেছিল। ফেসবুকে একজনের মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে আসি। এসে দেখি আমার ছেলে আর নেই।’ তার ভাষ্য, শরীরে বড়শির সুতো পেঁচিয়ে যাওয়ায় পরিমল নদীতে ডুবে মারা গেছে।
কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, ‘মাছ ধরার সময় ডিঙি নৌকা উল্টে এবং শরীরে বড়শির সুতো পেঁচিয়ে নদীতে ডুবে এক জেলের মৃত্যু হয়েছে। নৌ পুলিশ এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।’
ডিবিসি/এসভিএন