কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরে দরবারে হামলা ও দরবার প্রধান আব্দুর রহমান ওরফে শামীমকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রথমবারের মতো দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ হত্যাকাণ্ডের পর রোববার দিবাগত রাতে উপজেলার ফিলিপনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার পশ্চিম দক্ষিণ ফিলিপনগর এলাকার নাহারুল মণ্ডলের ছেলে বিপ্লব (২৬) এবং রবিউল ইসলামের ছেলে আলিফ ইসলাম (২৩)।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং পুলিশের নিজস্ব তদন্তের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ফরজ আলী নামের আরেক ব্যক্তিকে থানায় আনা হয়েছিল। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে তার পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পুরোনো ভিডিও ছড়িয়ে ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত ১১ এপ্রিল দুপুরে দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকায় আব্দুর রহমান ওরফে শামীমের দরবারে হামলা চালায় উত্তেজিত জনতা। সেসময় হামলাকারীরা সেখানে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করে এবং একপর্যায়ে দরবার প্রধান শামীমকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় গত ১৩ এপ্রিল রাতে নিহতের ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৮০ থেকে ২০০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
ডিবিসি/আরএসএল