ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ কুষ্টিয়ার দৌলতপুরে বিক্ষুব্ধ একদল লোকের পিটুনিতে শামীম (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় ওই আস্তানায় হামলা ও ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে নিহত শামীমের আরো দুই অনুসারী গুরুতর আহত হন। শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার ফিলিপনগর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছে, ফিলিপনগর এলাকার মৃত সামসুল ইসলাম মাস্টারের ছেলে নিহত শামীম নিজেকে ‘কালান্দার বাবা জাহাঙ্গীর সুরেশ্বরী’র অনুসারী হিসেবে পরিচয় দিতেন। তাদের অভিযোগ, সম্প্রতি শামীম তার অনুসারীদের উদ্দেশে পবিত্র কুরআন নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। ওই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এর জেরে শনিবার দুপুর ১টার দিকে বিক্ষুব্ধ কয়েকশো লোক গিয়ে শামীমের আস্তানা ঘেরাও করে হামলা চালায়। একপর্যায়ে আস্তানা ভাঙচুর ও একাধিক কক্ষে অগ্নিসংযোগ করে ভেতরে থাকা শামীমসহ তিনজনকে এলোপাতাড়ি পিটুনি দেয়। খবর পেয়ে বিকেল ৩টার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিস গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন জানান, শামীমের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টা ২০ মিনিটের দিকে তাঁর মৃত্যু হয়। আহত বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শামীমের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিবিসি/আরএসএল